প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
ফলাফল অবৈধ বদলে ৫ বছর কারাদণ্ডের বিধান
ঢাকা নিউজ ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পাবলিক পরীক্ষার ফলাফল অবৈধভাবে পরিবর্তন করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রেখে 'দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স—সংশোধন) অ্যাক্ট'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাবলিক পরীক্ষাকে ঘিরে সংগঠিতভাবে জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তি এবং জরিমানার বিধান রাখা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষাসংক্রান্ত অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান ১৯৮০ সালের আইনটি সময়োপযোগী করতে এই সংশোধন আনা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরীক্ষাসংক্রান্ত অপরাধ ও দণ্ডকে আইনের আওতায় আনা হবে।একই বৈঠকে 'বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬'-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাস্তবতার পরিপ্রেক্ষিতে পূর্বের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, প্রকৌশল, কলা, চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করতে এটিকে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনলাইন ও অফলাইন জুয়ার বিস্তার রোধে এবং জনশৃঙ্খলা রক্ষায় ১৮৬৭ সালের আইন সংশোধন করে 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬'-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই খসড়া আইনে ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ জুয়া–সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা এবং অপরাধের প্রকৃতিভেদে বিভিন্ন সাজার বিধান রাখা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।এ ছাড়া মাদক পাচার ও অপব্যবহারের পরিবর্তিত ধরন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিচারিক কার্যক্রম জোরদার করতে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ দমনে নতুন বিধান এবং সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে ডগ স্কোয়াড গঠনের বিধান এতে সংযোজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ