প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
কম খরচে বাংলাদেশিদের ক্যানসার চিকিৎসা দেবে চীন
ঢাকা নিউজ ডেস্ক ||
চীনের গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে। বর্তমানে প্রতি মাসে গড়ে অন্তত ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং এই তথ্য জানান।হি ল্যাংবিং বলেন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা জেসিআইয়ের সনদপ্রাপ্ত এই হাসপাতালে ক্যানসারের আধুনিক ও ন্যূনতম আক্রমণাত্মক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগী এই হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন এবং গত বছর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেখানে চিকিৎসা নেওয়া রোগীদের অনেকের জীবনমানের উন্নতি হয়েছে এবং কেউ কেউ ক্যানসারমুক্তও হয়েছেন বলে তিনি দাবি করেন।অনুষ্ঠানে অনকোলজি বিশেষজ্ঞ উ উই জানান, কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে আনতে হাসপাতালটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং রোগীর শারীরিক অবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দেয়। তাদের হাসপাতালের ক্যানসার চিকিৎসার ব্যয় ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশি রোগীদের সুবিধার্থে ঢাকায় একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে, যেখান থেকে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ