প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার উদ্দেশ্যে আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মুখপাত্র জানান, ভাইস প্রেসিডেন্ট তাঁর সংবাদ সম্মেলনে যেমনটি বলেছিলেন, আসন্ন কারিগরি পর্যায়ের আলোচনা নিয়ে পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনার আয়োজন সহজ বা পুরোপুরি পূর্বানুমানযোগ্য না হওয়ায় আজ রাতে রওনা না হলেও মার্কিন প্রতিনিধিদল সুযোগ পেলেই রওনা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।এর আগে এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তাঁর প্রস্তাবিত সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।মুখপাত্র জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে এবং বর্তমানে চুক্তিটি বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। এই কারণেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সফর স্থগিত করা হয়েছে এবং পাকিস্তান চুক্তি বাস্তবায়নের পরবর্তী কৌশলগত কয়েক স্তরের প্রক্রিয়ায় তাদের সমর্থন অব্যাহত রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ