প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে স্বাগতিক যুক্তরাষ্ট্র
ঢাকা নিউজ ডেস্ক ||
২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ সিয়াটলের লুমেন ফিল্ডে মুখোমুখি হয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও তুরস্ককে ২-০ গোলে হারানো অস্ট্রেলিয়ার এই লড়াইটি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের ম্যাচ।ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। সিয়াটলে ম্যাচের ১১ মিনিটেই ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। ছয় গজের বক্সে পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস।এরপর অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে গেলে সেই বলে মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলে ম্যাচটি জিতে নেয় যুক্তরাষ্ট্র।এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নিল আমেরিকানরা। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে চাপে থাকা তুরস্ক ও প্যারাগুয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযানকে আরও শক্তিশালী করল।বিশ্বকাপে এই প্রথমবারের মতো মুখোমুখি হওয়া দুই দলের অতীত পরিসংখ্যানেও এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। এর আগে চারটি প্রীতি ম্যাচের মুখোমুখি লড়াইয়ে দুই জয় নিয়ে এগিয়ে থাকা আমেরিকানরা এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের আধিপত্য বজায় রাখল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ