প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি ডন নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী এই বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আহতদের উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পথে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে উদ্ধারকারী ওই গাড়িতে থাকা আরও দুইজন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়।পরবর্তীতে রেসকিউ ১১২২-এর সদস্যরা নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে ডোমেল রুরাল হেলথ সেন্টার এবং খলিফা গুল নাওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। অতিরিক্ত বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্গম পাহাড়ি এই অঞ্চলে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। এই জোড়া বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ