প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব
ঢাকা নিউজ ডেস্ক ||
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন।’ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আড়পাড়া নাগরিক সমাজ এই সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চলে এসেছে, যার বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলতে পারেনি। তবে এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছেড়ে চলে যেতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের সঙ্গে বসে চা খাবেন, খোশ গল্প করবেন, ভালো আচরণ করবেন—তাহলে আপনার চাকরি থাকবে না। উপযুক্ত প্রমাণ সহকারে সংসদ সদস্যদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হবে। যত বড় কর্মকর্তাই হোক না কেন, তার চাকরি থাকবে না।’সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় অভিশাপ। মাদকের কারণে সামাজিক অপরাধ ও পারিবারিক অশান্তি ক্রমাগত বাড়ছে। তাই মাদক নির্মূলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আড়পাড়া নাগরিক সমাজের এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান ও হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ