প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির
ঢাকা নিউজ ডেস্ক ||
যুদ্ধ শুরুর পর সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে সবচেয়ে বড় ও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী দেশ বেলারুশে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৯ জুন) কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই চরম হুঁশিয়ারি দেন। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন সীমান্ত সংলগ্ন বেলারুশের ভূখণ্ডে থাকা বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং সীমান্ত এলাকার টাওয়ারের ওপর বসানো যোগাযোগ-সংক্রান্ত যন্ত্রগুলো আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে হবে। বেলারুশের প্রেসিডেন্ট চাইলে এগুলো সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ যথেষ্ট সময়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কিয়েভের এই দাবি মেনে সামরিক সরঞ্জামগুলো সরিয়ে নেওয়া না হয়, তবে ইউক্রেনীয় বাহিনী সেগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেবে।উলেখ্য, বেলারুশ থেকে আসা একটি শিশু ফুটবল দলকে বহনকারী বাসে প্রাণঘাতী ড্রোন হামলার মাত্র কয়েকদিন পরেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে উদ্দেশ্য করে এই কড়া হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কিয়েভের দাবি পূরণে ব্যর্থ হলে বেলারুশকে এর জন্য চরম মূল্য দিতে হবে।এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইউক্রেন সীমান্তের পরিস্থিতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত এবং সেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।সাম্প্রতিক সময়ে ইউক্রেন-বেলারুশ সীমান্তে নতুন ড্রোন ইউনিট মোতায়েনের হুঁশিয়ারিসহ বেলারুশকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে কড়া বক্তব্য দিয়ে আসছেন জেলেনস্কি। অন্যদিকে, মিনস্ক ও মস্কোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উসকে দিয়ে বেলারুশকে এই সংঘাতের ভেতর টেনে আনার চেষ্টা করছে।২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ মূলত এই যুদ্ধ থেকে নিজেদের দূরেই রেখেছিল। এমনকি তারা মস্কো ও কিয়েভকে সংলাপে বসার আহ্বান জানানোর পাশাপাশি কূটনৈতিক সমাধানের জন্য মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে জেলেনস্কির এই নতুন হুমকির পর চলমান ইউক্রেন যুদ্ধে বেলারুশের সরাসরি জড়িয়ে পড়ার শঙ্কা আরও প্রকট হয়ে উঠেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ