প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
ভারতের ওয়ানডে ইতিহাসে প্রথম: বোলার-ফিল্ডার জুটির অনন্য রেকর্ড
ঢাকা নিউজ ডেস্ক ||
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ফিরে এমন এক অনন্য কীর্তি গড়েছেন রোহিত শর্মা, যা ভারতের ১০৭৮ ম্যাচের ওয়ানডে ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। শনিবার অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের শেষ ও আনুষ্ঠানিকতার ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী আফগানিস্তান। দলীয় ৩৬ রানেই প্রথম চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। আফগান ব্যাটিং লাইনআপে এই ধস নামান ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, আর তার বল থেকে প্রথম তিনটি ক্যাচই তালুবন্দি করেন রোহিত শর্মা।প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হওয়া রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ এবং ইব্রাহিম জাদরান—এই তিন টপ অর্ডার ব্যাটারের ক্যাচ যথাক্রমে স্লিপ, মিডউইকেট এবং পুনরায় প্রথম স্লিপে দাঁড়িয়ে লুফে নেন রোহিত। এর মাধ্যমে ভারতের ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো বোলার-ফিল্ডার জুটি প্রতিপক্ষের প্রথম তিনটি উইকেটই পরপর নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এক নতুন নজির তৈরি করল। অর্থাৎ প্রথম তিন ব্যাটারের বিদায়ের নেপথ্যে অবদান ছিল একই বোলার ও একই ফিল্ডারের।এর আগে ভারতের ওয়ানডে ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণ-ইরফান পাঠান এবং শিখর ধাওয়ান-জাসপ্রিত বুমরাহ জুটি ম্যাচে তিনটি করে উইকেটে ভূমিকা রেখেছিলেন। তবে ওয়ানডের ইতিহাসে সেই কীর্তিগুলো প্রতিপক্ষের প্রথম তিন উইকেটের ক্ষেত্রে ছিল না, আবার তা টানা তিন উইকেটের মাধ্যমেও অর্জিত হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ