প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
গাজায় ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার ক্যামেরাপারসন ও শিশুসহ নিহত ৬
ঢাকা নিউজ ডেস্ক ||
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আহমেদ উইশাহ নামে আল জাজিরার এক ক্যামেরাপারসন এবং শিশুও রয়েছে।আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় তাদের সংবাদকর্মী আহমেদ উইশাহসহ আরও দুজন নিহত হন। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক নীতিরই অংশ।অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা। আইডিএফের দাবি অনুযায়ী, ওই হামলায় নিহত অন্য দুজনও হামাসের সদস্য ছিল। উল্লেখ্য, আহমেদ উইশাহর ভাই এবং আল জাজিরার আরেক সংবাদদাতা মোহাম্মহ উইশাহ গত এপ্রিলে ইসরাইলি হামলায় নিহত হন, তখনও আইডিএফ তাকে হামাসের অস্ত্র উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছিল।এদিকে গাজার সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই নারী এবং দুটি শিশু রয়েছে।নিহত পরিবারের স্বজন নায়েল সাফাদি ও মোহাম্মদ সাফাদি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, নিহতরা নিরীহ সাধারণ মানুষ এবং তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক ছিল না। এই ঘটনার পাশাপাশি গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও আরও হামলার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ১,০০৭ জন নিহত হয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ