প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
‘জুয়া খেললে স্ত্রী হবে মা, বাবা হবে ভাই!’ মেম্বারের অভিনব সালিশে তোলপাড়
ঢাকা নিউজ ডেস্ক ||
ভবিষ্যতে আর জুয়া খেললে নিজের স্ত্রী হয়ে যাবেন মা এবং বাবা হয়ে যাবেন ভাই— বাস্তব জীবনে এমনই এক অদ্ভুত ও হাস্যকর সালিশি রায় দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন। আইন নিজের হাতে তুলে নিয়ে তার দেওয়া এই অভিনব ‘শপথ ও রায়’-এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলাজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। গত শুক্রবার (১৯ জুন) গভীর রাতে মেম্বারের নিজ বাড়িতেই এই জুয়াড়িদের নিয়ে অভিনব বিচারের আসরটি বসেছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক হওয়া এক জুয়াড়িকে তার স্ত্রীর হাতে সোপর্দ করার সময় মেম্বার জসিম উদ্দিন তীব্র চাপ সৃষ্টি করেন, যার ফলে ওই জুয়াড়ি বলতে বাধ্য হন যে ভবিষ্যতে জুয়া খেললে তার স্ত্রী তার ‘মা’ হয়ে যাবেন। একইভাবে অন্য আরেক জুয়াড়ি যুবককে তার বাবার হাতে তুলে দেওয়ার সময় মেম্বারের চাপে পড়ে উপস্থিত লোকজনের সামনেই যুবকটি ভবিষ্যতে জুয়া খেললে তার ‘বাবা হবেন ভাই’—এমন অদ্ভুত শর্ত মেনে নিতে বাধ্য হন।স্থানীয়দের অভিযোগ, কেবল অদ্ভুত শপথ করিয়েই ক্ষান্ত হননি ওই ইউপি সদস্য, বরং এই সালিশের আড়ালে তিনি বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। আটকদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য গাঁজা উদ্ধার করা হলেও ইউপি সদস্য জসিম উদ্দিন পুলিশকে খবর না দিয়ে উল্টো জুয়াড়িদের ধরে আনার পারিশ্রমিক হিসেবে ৪০ হাজার টাকা এবং মোবাইল খরচ বাবদ ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে অভিযুক্তদের ছেড়ে দেন। এই ঘটনার পর আইনি ঝামেলা এড়াতে অভিযুক্ত জুয়াড়িরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি, তবে মেম্বারের এমন কাণ্ডে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।অভিযুক্ত ইউপি সদস্য জসিম অদ্ভুত শপথের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেন, স্থানীয় ও দলীয় কয়েকজন যুবক জুয়াড়িদের আটক করে খবর দিলে তিনি বিষয়টি নিয়ে বসেন। যারা জুয়াড়িদের আটক করেছিল তাদের দুটি দামি মোবাইল হারিয়ে যাওয়ায় অভিযুক্তদের ৪০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল এবং বিষয়টি পরে থানাকেও জানানো হয়েছে।অন্যদিকে কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, জুয়াড়িদের আটক করে কোনো জনপ্রতিনিধির বিচার বা জরিমানা করার আইনি কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে ভুক্তভোগী কেউ ওই ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ