প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
সালাহ-জাদুতে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে মিশরের প্রথম ঐতিহাসিক জয়
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মোহামেদ সালাহর মিশর। বিশ্বকাপের মঞ্চে এটিই মিশরের ইতিহাস প্রথম জয়, যার মাধ্যমে শক্তিশালী বেলজিয়ামকে টপকে তারা এখন টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে।ম্যাচের শুরুটা মিশরের জন্য অনুকূলে ছিল না, কারণ মাত্র ১৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধে সেই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কিউইরা, যারা নিজেরাও বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষায় ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে ছিল।তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সব হিসাব-নিকাশ বদলে দেয় মিশর। প্রথমে মোস্তাফা জিকোর একটি শট নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বের হাতে লেগে জালে জড়ালে ১-১ গোলে সমতায় ফেরে মিশর।এরপর শুরু হয় মোহামেদ সালাহর জাদু, যাকে প্রথমার্ধে দুজন ডিফেন্ডার দিয়ে কড়া পাহারায় আটকে রাখা হয়েছিল। ম্যাচের পরের দিকে জিকোর একটি মাইনাস করা বল বক্সের ভেতর পেয়ে দারুণ দক্ষতায় ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ান সালাহ এবং মিশরকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।দুই গোলে পিছিয়ে পড়ে গোল শোধের জন্য নিউজিল্যান্ড হন্যে হয়ে আক্রমণ চালালেও মিশরের রক্ষণভাগ তা শক্ত হাতে প্রতিহত করে। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় নিজের তৃতীয় ছোঁয়াতেই গোল করেন মাহমুদ হাসান ত্রেজেগে, যা মিশরের ৩-১ গোলের বড় জয় নিশ্চিত করে।এই জয়ের মাধ্যমে ৯২ বছরের এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনন্য এক কীর্তি গড়ল মিশর। এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে এক ম্যাচে জোড়া গোল করলেও তারা জিততে পারেনি; এরপর বিশ্বকাপে বারবার অংশ নিলেও এক ম্যাচে দুটি গোল করতে পারেনি মিশর। অবশেষে সালাহ, জিকো ও ত্রেজেগের গোলে ৯২ বছর পর সেই আক্ষেপ ঘুচিয়ে এক ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি নিজেদের প্রথম জয় তুলে নিল আফ্রিকান দলটি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ