প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, সই হচ্ছে একাধিক চুক্তি
ঢাকা নিউজ ডেস্ক ||
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্থানীয় সময় সোমবার (২২ জুন) পুত্রজায়ার পারদানা পুত্রা ভবনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ড. জুবাইদা রহমানকে স্বাগত জানান। সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ১০৩ সদস্য ও তিন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি চমৎকার গার্ড অব অনার পরিদর্শন করেন।রাষ্ট্রীয় এই সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি খালেদ নুরদিনসহ দেশটির মন্ত্রিসভার উচ্চপদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বেলা ১১টার দিকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটি একান্ত বৈঠক এবং পরবর্তীতে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সমন্বয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও দুই নেতা মতবিনিময় করবেন এবং বৈঠক শেষে তারা একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে এই সফরে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ গবেষণা ও বিনিয়োগ প্রসার এবং সুবিধা বৃদ্ধিসংক্রান্ত দুটি কূটনৈতিক নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) অনুষ্ঠিত হবে। এছাড়াও সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার ছয়টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা পৃথকভাবে সাক্ষাৎ করবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে একটি বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনীসহ সফরসঙ্গীরা।পুত্রজায়ার এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ تিতুমীর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন থাকছেন। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সাথে বৈঠকে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান ও মানবসম্পদমন্ত্রী আর. রামানানসহ উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ