প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
লেবাননে ১১ হাজার আবাসন ধ্বংস, তীব্র ঝুঁকির মধ্যেও ঘরে ফিরছে মানুষ
ঢাকা নিউজ ডেস্ক ||
ইসরাইলি আগ্রাসনে দক্ষিণ লেবাননের একটি বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক। নিউইয়র্কে সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক সংঘাতের কারণে ওই অঞ্চলে প্রায় ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ২ হাজার ২০০ ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত এসব পরিবারের অনেকেরই নিজের এলাকায় ফিরে যাওয়ার মতো কোনো ঘরবাড়ি আর অবশিষ্ট নেই। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও চলমান অনিশ্চয়তার পাশাপাশি অবিস্ফোরিত গোলাবারুদের মারাত্মক ঝুঁকি এখন বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ ও টেকসইভাবে ঘরে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।তবে ঘরবাড়ির এই বিপুল ক্ষয়ক্ষতি ও নানামুখী প্রতিকূলতার মধ্যেও দক্ষিণ লেবাননে অনেক মানুষ নিজেদের এলাকায় ফিরে যেতে শুরু করেছেন। জাতিসংঘের তথ্যমতে, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়েছেন, যার ফলে বর্তমানে আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত মানুষের সংখ্যা কমে প্রায় ৯০ হাজারে নেমে এসেছে। এই গণপ্রত্যাবর্তনের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনে নতুন দফায় সরাসরি আলোচনা শুরু হয়েছে।এদিকে বর্তমানে দক্ষিণ লেবাননে সম্মুখ সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমলেও ওই অঞ্চলে মাঝে মাঝেই গোলাগুলি ও আকস্মিক বিমান হামলার ঘটনা ঘটছে, যার ধারাবাহিকতায় গত সোমবারও ইসরাইলি বাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইল এখনো দক্ষিণ লেবাননের কিছু সুনির্দিষ্ট এলাকায় তাদের সেনা উপস্থিতি বজায় রেখেছে। দখলদার দেশটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের কাছে কোনো ধরনের নিরাপত্তা হুমকি থাকলে তারা যেকোনো সময় আবারও সামরিক অভিযান চালাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ