প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম, বায়ুমান সূচক আজ ‘সহনীয়’
ঢাকা নিউজ ডেস্ক ||
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রকাশিত বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৯৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৪তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই স্কোরটি ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের নির্দেশক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, এই তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ১৮০।তালিকায় অন্যান্য শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। ১৭০ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। এছাড়া কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা।আইকিউএয়ারের নির্ধারিত বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে ‘ভালো’ ধরা হয় এবং ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া, সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বায়ুমান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ