প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল
ঢাকা নিউজ ডেস্ক ||
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি শুধু প্রতিশ্রুতি দেন না, বরং তা বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন। বিগত সরকারের সময়ে দেশে কাজের নামে বিভিন্ন খাতে সীমাহীন লুঠপাট হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমান মানবিক সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এক বহুমাত্রিক কল্যাণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার ঘোষিত ৫ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ ও রোপণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের জীবনমান উন্নয়নে সেলাইমেশিন বিতরণ, কৃষি বিভাগের আমন প্রণোদনা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা দেড়টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে হালদা নদীর গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে হালদা নদীকে সুরক্ষিত রাখা হবে। হালদার ওপর নির্ভরশীল যেসব মৎস্যজীবী মা-মাছ ও রেণু রক্ষার জন্য বছরের একটি দীর্ঘ সময় মাছ আহরণ করতে পারেন না, তাদের জীবনযাত্রার মান সচল রাখতে সেলাইমেশিন ও গবাদিপশু প্রদানের মতো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি একটি সবুজ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সবাইকে এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানান।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি সাইফুর রহমান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূল অনুষ্ঠান শুরুর আগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ