প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবিতে জাককানইবিতে প্রশাসনিক ভবনে তালা
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এক সিনিয়র শিক্ষার্থীর ওপর জুনিয়র শিক্ষার্থীদের হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ ও তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। এ সময় তারা ক্যাম্পাসে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ২১ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী হল’-এ গাঁজাসেবন সংক্রান্ত এক অভিযোগকে কেন্দ্র করে আইন ও বিচার বিভাগের ১৩তম ব্যাচের সিনিয়র শিক্ষার্থী হান্নানের সাথে দর্শন বিভাগের ১৯তম ব্যাচের জুনিয়র শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে ওই রাতেই হলের ৬১৫ নম্বর কক্ষে খাবার খাওয়ার সময় মুগ্ধসহ কয়েকজন জুনিয়র শিক্ষার্থী হান্নানের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর আইন ও বিচার বিভাগ এবং দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে।শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং পূর্ববর্তী একাধিক সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সমাধান বা দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। ঘটনার দিন প্রক্টরকে ক্যাম্পাসে পাওয়া যায়নি এবং মুঠোফোনে চেষ্টা করেও তার সাড়া মেলেনি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। প্রশাসন দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই তারা বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।এদিকে অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে আহ্বায়ক এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি সামগ্রিক পরিস্থিতি ও ঘটনার মূল কারণ তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। পরবর্তীতে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং হলের তালা খুলে আন্দোলন স্থগিত রেখে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও যৌক্তিক সমাধানের আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ