প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পের কম্পন অনুভূত হলো ব্রাজিলেও
ঢাকা নিউজ ডেস্ক ||
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ ব্রাজিলের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে। দুই দেশের মধ্যে ২,১০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থলসীমান্ত থাকায় এই প্রভাব পড়েছে বলে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দেশটির মন্ত্রণালয় জানায়, ব্রাজিল সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিক আহত হওয়ার খবর তাদের কাছে নেই।দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এর মাত্র ৩৯ সেকেন্ড পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে এবং এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।ভূমিকম্পের ফলে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য অন্যতম। ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যেখানে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।ভয়াবহ এই ভূমিকম্পের পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডেলসি রদ্রিগেজ। এ সময় তার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ