প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রাম্প আমাদের কপি করছেন’, দাবি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতের কয়েকটি রাজ্যের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের ‘কল্যাণ মডেল’ অনুসরণ করছেন বলে দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন যে, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। ট্রাম্পের এই প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে শিবকুমার বলেন, কংগ্রেসের কল্যাণমূলক কর্মসূচি ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারে অনুসরণ করার পর এবার সেই চিন্তাধারা যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে এবং বিশ্বজুড়ে এই আদর্শ অনুসরণই কংগ্রেসের শক্তির বড় প্রমাণ।গত ৯ সেপ্টেম্বর ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে ট্রাম্প প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার কথা বলে এই অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নামে অভিহিত করেন। পরবর্তীতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ আয় করায় দেশবাসীর জন্য এই অর্থ প্রদানের সামর্থ্য তাদের রয়েছে। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন স্পষ্ট জানিয়েছেন যে, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বিস্তারিত রূপরেখা নির্ধারণ এবং কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ