প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ শেষ পর্যায়ে বলে ট্রাম্পের দাবি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি যোগাযোগ করেছে এবং দেশটি একটি সমঝোতা চুক্তি করতে চাইছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান সামরিক সংঘাত সম্ভবত শেষের দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই আশা প্রকাশ করেন। সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি বলেন, তারা যুদ্ধের শেষ পর্যায় প্রত্যক্ষ করছেন বলে আশাবাদ ব্যক্ত করছেন। ইরানের পক্ষ থেকে কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করে ট্রাম্প জানান, তেহরান একটি চুক্তি করতে আগ্রহী এবং বিষয়টি এখন কীভাবে সামনের দিকে এগোয় তা দেখার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য সামনে এল। এর আগে গত জুনে এ জলপথটি খুলে দেওয়া ও বড় ধরনের একটি স্থায়ী শান্তিচুক্তির পথ সুগম করতে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানি সরকারি ভবন, সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের হামলা চালায়। পাল্টা জবাবে তেহরানও ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ