প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপাইনে নৌ-দুর্ঘটনায় প্রাণহানি ৭৭, নিখোঁজ ৮
ঢাকা নিউজ ডেস্ক ||
ফিলিপাইনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান প্রদেশের করোনের কাছে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো ৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিজি) জানায়, জাহাজটিতে মোট ১২৮ জন আরোহী ছিলেন। টিকিটের তালিকায় প্রথমে ১৩২ জনের নাম থাকলেও পরবর্তীতে সার্বিক তথ্য যাচাই-বাছাই করে জানা যায় যে চারজন ব্যক্তি শেষ পর্যন্ত জাহাজে ওঠেননি। সংস্থাটির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব নিশ্চিত করেছেন যে দুর্ঘটনাস্থল থেকে ৪৩ জন আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে উদ্ধার ও নিখোঁজদের খোঁজে কোস্ট গার্ডের তল্লাশি অভিযানের পাশাপাশি টিকিট তালিকার তথ্যের সঙ্গে চূড়ান্ত মেলানোর কার্যক্রম চলমান রয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করা এমভি জুন অ্যাস্টার নামের যাত্রীবাহী এই জাহাজটি পালাওয়ানের করোনের কাছাকাছি সমুদ্রসীমায় পৌঁছালে ভয়াবহ আগুনের কবলে পড়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ