প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাদের মির্জা, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলা অনুমোদন
মোঃ আরিফ হোসেন , নোয়াখালী জেলা প্রতিনিধি ||
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। বুধবার ঢাকায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে অনুমোদনের মূল কাগজপত্র এখনো নোয়াখালী দুদক কার্যালয়ে পৌঁছায়নি।
দুদক সূত্রে জানা গেছে, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন করা হয়েছে। অভিযোগে তাকে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাবার সহায়তায় তিনি এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, মামলার অনুমোদনের কাগজপত্র নোয়াখালী কার্যালয়ে পৌঁছানোর পর পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।
তবে মামলার অনুমোদন হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ