প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি পাড়ি দিলো ফ্রান্স ও জাপানের তেল-গ্যাসুবাহী জাহাজ
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই শুক্রবার প্রথমবারের মতো হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে ফ্রান্স, জাপান এবং ওমানের তিনটি বাণিজ্যিক জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ফ্রান্স ও জাপানের কোনো জাহাজ এই রুট ব্যবহার করল।হরমুজ পাড়ি দেওয়া ফরাসি ট্যাংকার জাহাজটির নাম ‘সিএমএ ক্রিবি’ এবং জাপানের জাহাজটির নাম ‘মিৎসুয়ি ওসকে লাইনস’। এছাড়া ওমানের একটি জাহাজও এই প্রণালি অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফরাসি জাহাজটিতে জ্বালানি তেল এবং জাপানের জাহাজটিতে এলএনজি গ্যাস ছিল।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ জারি করেছিল। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর জাহাজ চলাচল করলে সেগুলোতে হামলা চালানো হবে। ফলে গত এক মাসে এক ডজনেরও বেশি বিদেশি জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে।আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়। বিশ্বের মোট তেল ও তরল গ্যাসের ২০ শতাংশই এই রুট দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এতদিন ফ্রান্স ও জাপানের মতো দেশগুলো এই রুটে জাহাজ চলাচল বন্ধ রাখলেও শুক্রবার তারা পুনরায় কার্যক্রম শুরু করল।একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই প্রণালি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির অবরোধ তোলা সম্ভব নয়; এর জন্য কেবল কূটনৈতিক প্রচেষ্টাই কার্যকর সমাধান হতে পারে। এই কূটনৈতিক অবস্থানের মধ্যেই জাহাজগুলোর সফল পারাপার আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ