প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
দুবাইয়ের অভিজাত এলাকা মেরিনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ঢাকা নিউজ ডেস্ক ||
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের অন্যতম অভিজাত এলাকা দুবাই মেরিনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) সকালে তেহরান থেকে এই অতর্কিত হামলা চালানো হয়।হামলার পরপরই আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং হামলা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে ধ্বংস হয়ে যাওয়া ড্রোন বা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আছড়ে পড়ে। দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে গত শুক্রবার আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের চালানো এক হামলায় একজন মিশরীয় নাগরিক নিহত এবং পাকিস্তান ও মিশরের আরও চারজন আহত হন। হাবসান হলো আমিরাতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, যেখানে হামলার ফলে ভয়াবহ আগুন লাগে এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে। প্রথমদিকে এই হামলাগুলো কেবল সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে বাণিজ্যিক ও জনবহুল এলাকাগুলোতেও আঘাত হানার প্রবণতা দেখা যাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ