প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
আইআরজিসির দাবি: একদিনে শত্রুপক্ষের ছয়টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের আকাশে গত একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যুদ্ধবিমানসহ পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি এই দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে।বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে আকাশপথে বড় ধরনের সংঘাত চলাকালীন তাদের প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের লক্ষ্যবস্তুগুলো প্রতিহত করে। তাদের দাবি, চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখে দেশের আকাশসীমার ওপর ইরানের নিয়ন্ত্রণ যে উত্তরোত্তর বাড়ছে, এই সফল অভিযান তারই অকাট্য প্রমাণ।আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের তথ্য অনুযায়ী, ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে খোমেইন ও জানজান প্রদেশের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন এবং বুশেহরের আকাশে একটি হার্মিস ড্রোন ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি দেশের মধ্যাঞ্চলে শত্রুপক্ষের একটি উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা।বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সুনির্দিষ্ট ও উদ্ভাবনী পর্যবেক্ষণের ফলে দেশটির আকাশসীমা শত্রু বিমানের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠবে। এই সফল অভিযানকে তারা একটি নির্ণায়ক লড়াই এবং মার্কিন-ইসরায়েলি জোটের জন্য চরম পরাজয় হিসেবে বর্ণনা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ