প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
ইরানে বিধ্বস্ত এফ-১৫ বিমানের দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করল যুক্তরাষ্ট্র
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫-ই (F-15E) যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। আজ রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরাকে একজন মার্কিন সেনা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে উদ্ধারকৃত ক্রু জীবিত নাকি মৃত, সে বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি।গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) মার্কিন এই শক্তিশালী যুদ্ধবিমানটি ভূপাতিত করে। নিয়ম অনুযায়ী, এই মডেলের বিমানে একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা (WSO) থাকেন। ঘটনার দিনই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় জন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে বের করতে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা সরাসরি ইরানি ভূখণ্ডে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করে।এর আগে উদ্ধার অভিযান চলাকালীন ইরানি সেনাদের প্রতিরোধের মুখে একটি মার্কিন হেলিকপ্টার পিছিয়ে যেতে বাধ্য হয়। এমনকি নিখোঁজ এই ক্রুকে জীবিত বা মৃত অবস্থায় ধরিয়ে দেওয়ার জন্য ইরান সরকার ৬০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছিল। ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, মার্কিন পাইলটকে ধরতে স্থানীয় উপজাতিরাও অভিযানে সামিল হয়েছে।দীর্ঘ উৎকণ্ঠা ও উত্তেজনার পর দ্বিতীয় ক্রুর উদ্ধারের খবর আসলেও তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। অন্যদিকে, এই উদ্ধার অভিযানকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ইরানের অভ্যন্তরে মার্কিন ও ইরানি স্পেশাল ফোর্সের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং দুই দেশের সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ