প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশের একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। রোববার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে হামের কারণে অনেক শিশু জ্বর ও বিভিন্ন জটিলতায় ভুগছে, যা দ্রুত শনাক্ত ও চিকিৎসা করা গেলে আতঙ্কের কোনো কারণ নেই।হামের সংক্রমণ রোধে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এই বিশেষ টিকার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, যত বেশি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে, সমাজ তত বেশি নিরাপদ থাকবে। সরকারের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং জাতীয় সার্ভিল্যান্সের তথ্য বিশ্লেষণ করে আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।বর্তমানে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। প্রতিটি সিদ্ধান্ত বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে নেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও এই কার্যক্রম শুরু করা হবে।টিকার সরবরাহ বিষয়ে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী জানান, সরকারের কাছে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে এবং কোথাও সাময়িক ঘাটতি দেখা দিলে তা দ্রুত পূরণ করার দায়িত্ব নেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে তিনি সাংবাদিকদের ইতিবাচক প্রচারণার আহ্বান জানান। উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধি এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ