প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
‘ধর্ম যার যার, দেশ সবার, আমরা সব ধর্মকে ভালোবাসি’: ইস্টার সানডেতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা নিউজ ডেস্ক ||
খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি এবং একইভাবে ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের।”প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বিগত নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে প্রচলিত ধারণা ভুল প্রমাণিত করেছে। তিনি বলেন, “একটি ভঙ্গুর অর্থনৈতিক ও যুদ্ধবিধ্বস্ত প্রায় দেশের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার পাশাপাশি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে আমাদের নতুন সংকটের মোকাবিলা করতে হচ্ছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘বেটার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।”ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের সদস্যরা বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি যেমন—ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং ধর্মীয় গুরুদের বিশেষ সম্মানী ভাতার প্রশংসা করেন। অনুষ্ঠানে তারা জাতীয় সংসদে খ্রিস্টান নারী প্রতিনিধি এবং ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবি জানান।প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং আগামী বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, দেশের হাজার হাজার চার্চে তাঁর জন্য এবং বর্তমান সরকারের সাফল্যের জন্য প্রতিদিন প্রার্থনা করা হয়। সূত্র: বাসস।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ