প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকায় গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং নিয়মমাফিক বণ্টন নিশ্চিত করতে সরাসরি তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার পর তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলো পরিদর্শন করেন।পরিদর্শনকালে ইউএনও চাঁনপাড়া এলাকার মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশনসহ চাঁনপাড়া বাজার, কুসুম্বা বাজার এবং পাঁচবিবি বাজারের বিভিন্ন পাম্পের জ্বালানি মজুদ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করার জন্য পাম্প কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক করেন।জ্বালানি তেলের সঠিক বণ্টন ও স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল মমিন মন্ডলকে পাম্পগুলোর কার্যক্রম তদারকির জন্য 'ট্যাগ অফিসার' হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার উপস্থিতিতেই পাম্পগুলোতে তেল বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ইউএনও মো. সেলিম আহমেদ। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ