প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধের মধ্যেও ইরানের খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বৃদ্ধির দাবি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। সোমবার ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদি এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমার পরিবর্তে বরং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপটি দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।মুসা আহমাদি খার্গ দ্বীপে সফর ও উচ্চপর্যায়ের বৈঠক শেষে নিশ্চিত করেন যে, যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তেল অবকাঠামোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এমন এক সময়ে এই তথ্য সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে বা হরমুজ প্রণালী অবিলম্বে উন্মুক্ত না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন।উল্লেখ্য, গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত ছিল। বর্তমানে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের কোনো একটি দ্বীপ লক্ষ্য করে স্থল হামলার পরিকল্পনা করছে। তেহরান বারবার এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে।আঞ্চলিক এই চরম উত্তেজনার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩ হাজার ৫০০ মেরিন ও নাবিক বহনকারী মার্কিন উভচর হামলা জাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের সার্বভৌমত্ব ও সম্পদ রক্ষায় তারা যেকোনো উস্কানিমূলক হামলার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ