প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
ঢাকা নিউজ ডেস্ক ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া দেবীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার জেরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে।জানা গেছে, শুক্রবার ওই এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। অনুষ্ঠান চলাকালীন কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ব্যানারসহ বিক্ষোভ শুরু করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধান অতিথির কাছে অভিযোগ জানাতে মঞ্চের দিকে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।বিক্ষোভকারীদের অভিযোগ, কামাখ্যা চন্দ্র দাস ও তার অনুসারীদের অনিয়ম ও নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ। ভবন নির্মাণ থেকে শুরু করে ইউনিয়ন কমিটিতে পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ তোলেন তারা। প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা। উত্তপ্ত পরিস্থিতির মুখে একপর্যায়ে পুলিশি নিরাপত্তায় কামাখ্যা চন্দ্র দাস এলাকা ত্যাগ করেন।এদিকে কামাখ্যা চন্দ্র দাস তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে কর্মসূচি পালনকারী ব্যক্তিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপি শোকজ করেছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুরো ঘটনাটির ভিডিও ও ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ