প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ৩৯ দিনের টানা আগ্রাসনের মুখে পাকিস্তানের মধ্যস্থতায় আসা ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার তেহরান এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানিয়েছে, তারা কোনো সাময়িক ‘নিস্তার’ নয় বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়। গত ৫ এপ্রিল ইরানের আকাশে দুটি মার্কিন শক্তিশালী বিমান বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তান, তুরস্ক ও মিশর এই নতুন প্রস্তাব পাঠিয়েছিল, যা মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল বলে জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মঙ্গলবার রাতের মধ্যেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, হয় ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে, নতুবা দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক হামলার মুখোমুখি হতে হবে।প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, সোমবার থেকে হামলার তীব্রতা বাড়ানো হয়েছে এবং মঙ্গলবার তা আরও ভয়াবহ রূপ নেবে। বেসামরিক স্থাপনায় হামলা চালানো নিয়ে আন্তর্জাতিক আইনের প্রশ্নের জবাবে ট্রাম্প একে যুদ্ধাপরাধ হিসেবে মানতে নারাজ। এদিকে, ইসরাইলও ইরানের অভ্যন্তরীণ জ্বালানির অন্যতম প্রধান উৎস একটি গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে তেহরানের ওপর চাপ সৃষ্টি করেছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তাদের ১০ দফা জবাব পাঠিয়েছে। এতে যুদ্ধোত্তর পুনর্গঠন এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। কায়রোতে ইরানের কূটনৈতিক মিশনের প্রধান মোজতবা ফেরদৌসি পুর জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে তারা আর বিশ্বাস করেন না। ইরান কেবল তখনই যুদ্ধ বন্ধ করবে যখন ভবিষ্যতে আর কোনো হামলা হবে না এমন সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ