প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও শিক্ষা সহযোগিতার আশ্বাস
ঢাকা নিউজ ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।বৈঠকে উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ এবং ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক মিল রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তিনি প্রশাসনিক কাঠামো, পাঠ্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে নতুন নতুন যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনাকালে উপাচার্য বর্তমান সময়ের কর্মবাজার ও শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের জন্য বহুমুখী শিক্ষা, ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্স চালুর পাশাপাশি নমনীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন, যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে তাদের শিক্ষাজীবন সম্পন্ন করতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের ‘সফট স্কিল’ বা পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একে অপরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ