প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন আটক: আজ দুপুরে তোলা হবে আদালতে
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও কয়েকটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম।উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ