প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সরকারি দলের গুরুত্বপূর্ণ সংসদীয় সভা
ঢাকা নিউজ ডেস্ক ||
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ৩টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের সরকার দলীয় সভাকক্ষে এই সভা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভায় দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আজ থেকে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই বেলা বা দুই সেশনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আগামী ১২ এপ্রিলের মধ্যে আইনে রূপান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিফ হুইপ জানিয়েছেন, বিশাল এই কর্মযজ্ঞ শেষ করতে আজ থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় প্রথম সেশন এবং বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় সেশন শুরু হবে।ইতোমধ্যে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে এবং আরও বেশ কিছু বিল পাসের প্রক্রিয়ায় রয়েছে। গতকাল ৬ এপ্রিল সাতটি বিল পাস হলেও তিনটি বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল বিল পাসের লক্ষ্য পূরণে প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ