প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
হামাসকে অস্ত্র ছাড়তে ট্রাম্পের পিস বোর্ডের আলটিমেটাম এবং গাজা পুনর্গঠনের পরিকল্পনা
ঢাকা নিউজ ডেস্ক ||
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অস্ত্রসমর্পণের প্রস্তাব গ্রহণের জন্য চলতি সপ্তাহের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই আন্তর্জাতিক সংস্থাটি যুদ্ধোত্তর গাজা অঞ্চলের ব্যবস্থাপনা তদারকি করছে এবং ইরানের সাথে যুদ্ধ চলাকালীনও গাজার পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, গাজা বোর্ড অব পিসের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ গত শুক্রবার কায়রোতে হামাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বোর্ড এই সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত অস্ত্রসমর্পণ চুক্তি সম্পন্ন করতে চায়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে সামান্য কিছু সংশোধনী বিবেচনার সুযোগ থাকলেও হামাস যদি কোনো মৌলিক পরিবর্তনের অনুরোধ করে, তবে তা গ্রহণ করা হবে না। ম্লাদেনভ বিশ্বাস করেন যে ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার দ্বিতীয় ধাপ সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব।তবে এই পরিকল্পনা নিয়ে মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্ক পুরোপুরি আশাবাদী হতে পারছে না। কূটনৈতিক সূত্রমতে, হামাস গুরুত্বপূর্ণ কোনো শর্ত ছাড়া এই প্রস্তাব সহজে মেনে নেবে না এবং তারা রাজি হলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের এই বছরে গাজা থেকে সরে আসার বিষয়টি অনুমোদন করবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।উল্লেখ্য যে, কায়রোর বৈঠকে হামাস কর্মকর্তারা ম্লাদেনভের উপস্থাপিত প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেননি। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে মধ্যস্থতাকারীরা হামাসকে চাপ দিচ্ছেন, যাতে তারা মার্কিন সমর্থিত এই অস্ত্রসমর্পণ প্রস্তাবটি গ্রহণ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ