প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: তিন মাসে ৯৪ শিশুর মৃত্যু ও চরম স্বাস্থ্যঝুঁকি
ঢাকা নিউজ ডেস্ক ||
২০২৬ সালের শুরু থেকে বাংলাদেশে হামের এক ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে কয়েক হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশুর সংখ্যাই বেশি এবং এখন পর্যন্ত অন্তত ৯৪ জন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।ক্লিনিক্যাল পর্যবেক্ষণ অনুযায়ী, ১০২–১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বর, কাশি, সর্দি এবং চোখ লাল হওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এবং এনসেফালাইটিসের মতো জটিলতা দেখা দিচ্ছে, যা অপুষ্ট শিশুদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির ঘাটতিই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার কথা থাকলেও অনেক এলাকায় এই হার বর্তমানে ৮০ শতাংশের নিচে নেমে গেছে, যা একটি বড় ধরনের ‘ইমিউনিটি গ্যাপ’ তৈরি করেছে।তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালের পর ২০২৪ সালে নির্ধারিত বিশেষ হাম টিকা কর্মসূচি দেশের সার্বিক পরিস্থিতির কারণে পরিচালনা করা সম্ভব হয়নি। এছাড়া ভিটামিন-এ এবং কৃমিনাশক ওষুধ নিয়মিত না খাওয়ানোর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকেও সংক্রমণের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাদান কাভারেজ পুনরায় ৯৫ শতাংশে উন্নীত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাদ পড়া শিশুদের দ্রুত ‘ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’-এর আওতায় আনা এবং আক্রান্ত শিশুকে আলাদা রেখে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ