প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
কমান্ডারদের হত্যাকাণ্ডে সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না: মোজতবা খামেনি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক হুশিয়ারি বার্তায় জানিয়েছেন যে, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড সত্ত্বেও দেশের সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। সোমবার ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।লিখিত এক বিবৃতিতে খামেনি উল্লেখ করেন, খাদেরি দেশের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে যা সন্ত্রাস বা অপরাধ দিয়ে ভাঙা সম্ভব নয়।মাজিদ খাদেরির নিহতের বিষয়টি তেহরান ও ইসরাইল উভয় পক্ষই নিশ্চিত করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, খাদেরি তাদের বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন এবং তিনি আইআরজিসির অন্যতম শীর্ষ ব্যক্তি ছিলেন।সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, একই দিনে ইসরাইলি সামরিক বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে ‘নির্মূল’ করার দাবি করেছে। ২০১৯ সাল থেকে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।তবে আসগর বাঘেরির নিহতের বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে ইসরাইল ধারাবাহিকভাবে ইরানের একাধিক শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ