প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করছে বিএসএফ
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নদী এবং জলাভূমি এলাকায় সাপ ও কুমির ব্যবহারের এক বিচিত্র পরিকল্পনা বিবেচনা করছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ইতিমধ্যে এই সম্ভাব্যতা যাচাই করতে মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সীমান্তের যেসব দুর্বল অংশে প্রতিকূল ভূপ্রকৃতির কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, মূলত সেই ১৭৫ কিলোমিটার নদী ও জলাভূমি এলাকায় এই 'প্রতিরোধমূলক কৌশল' ব্যবহারের চিন্তা করা হচ্ছে। বিএসএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্ভাব্য নদীপথগুলো চিহ্নিত করার জন্য যেখানে এই ব্যবস্থা কার্যকর হতে পারে।যদিও বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়নি, তবে বিএসএফ এর মধ্যেই সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন, সেন্সর এবং আধুনিক ক্যামেরার ব্যবহার বৃদ্ধি করেছে। ভারতের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নদী ও উপত্যকা অঞ্চলে প্রথাগত পাহারার পাশাপাশি এমন প্রাকৃতিক বাধা তৈরির প্রস্তাবটি বিশেষ উদ্বেগের জন্ম দিয়েছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, পাহাড় ও জলপথের মতো কঠিন ভূখণ্ডে অপরাধ নিয়ন্ত্রণে ধাপে ধাপে আলোকসজ্জা ও বেড়া নির্মাণের কাজও চলমান রয়েছে। তবে সাপ ও কুমির ব্যবহারের এই অভিনব ও বিতর্কিত পরিকল্পনাটি ভবিষ্যতে বাস্তবে রূপ নেবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা বজায় রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ