প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রতি চরম অবিশ্বাস রেখেই আলোচনায় বসছে ইরান: সতর্ক অবস্থানে সেনাবাহিনী
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেওয়ার পর, আগামী শুক্রবার ইসলামাবাদে আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১১ এপ্রিল থেকে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হবে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে, এই আলোচনার অর্থ যুদ্ধ বিরতি বা সমাপ্তি নয়; বরং কেবল নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতেই এই সংলাপ পরিচালিত হবে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র আস্থা রাখছে না এবং ১০ দফা পরিকল্পনার প্রতিটি বিষয় বিস্তারিতভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা দেবে না। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই আলোচনাকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে কাউন্সিল। একই সাথে দেশের বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ থাকার এবং কোনো প্রকার বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।ইরান সরকার হুশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক বিজয় অর্জিত হয় তবে তা দেশব্যাপী উদযাপন করা হবে, অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে লড়াই চলবে। শত্রুপক্ষকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনীর হাত বর্তমানে ‘ট্রিগারে’ রয়েছে। আলোচনার টেবিলে থাকার পাশাপাশি শত্রু সামান্যতম ভুল করলেও তারা পূর্ণ শক্তিতে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ