প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিকে ‘মার্কিনিদের বিজয়’ হিসেবে দেখছে হোয়াইট হাউস
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর একে আমেরিকার বড় ধরনের কূটনৈতিক ও সামরিক বিজয় হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভেট এক বিবৃতিতে এই সাময়িক যুদ্ধবিরতিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর সাফল্যের ফল বলে উল্লেখ করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কারোলিন লেভেট লিখেছেন, মার্কিন সামরিক বাহিনীর অসাধারণ পারদর্শিতা ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এই চাপের কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রতিনিধি দল একটি কঠোর দরকষাকষির মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে পেরেছেন। তাঁর মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে।এদিকে, ইরান ইতিপূর্বে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের দেওয়া ১০ দফা প্রস্তাব ‘নীতিগতভাবে’ মেনে নিয়েছে, যা একটি বড় চুক্তির আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে। তবে যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও আজ ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে তারা এই পাল্টা হামলা চালিয়েছে। কূটনৈতিক মহলে একদিকে যখন বিজয়ের বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে ইসরাইলের এই হামলা পরিস্থিতিকে আবারও জটিল করে তোলার আশঙ্কা তৈরি করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ