প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি: নিজ দেশে তীব্র রাজনৈতিক ও জনরোষের মুখে নেতানিয়াহু
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের দেওয়া ১০ দফা দাবির অধিকাংশ মেনে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘটনাটি ইসরায়েলজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই চুক্তিকে ইসরায়েলের জাতীয় স্বার্থের পরিপন্থী ও এক প্রকার 'পরাজয়' হিসেবে দেখছেন দেশটির সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুদ্ধের এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ নীরবতা এবং কার্যকর ভূমিকা রাখতে না পারা তাকে নিজ দেশে চরম ক্ষোভের মুখে ঠেলে দিয়েছে।ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে একটি ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ইসরায়েলকে কার্যত আলোচনার বাইরে রাখা হয়েছে। ল্যাপিড অভিযোগ করেন যে, সামরিক বাহিনী এবং সাধারণ জনগণ তাদের সামর্থ্যের সবটুকু দিলেও নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত—উভয় দিক থেকেই ব্যর্থ হয়েছেন, যা কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগতে পারে।এদিকে, চুক্তির পর সরকারি কর্মকর্তাদের নীরবতা নিয়ে ইসরায়েলি গণমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক নিৎজান শাপিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিস্থিতির আপডেট পেতে এখনও তাদের ইরানি সংবাদ সংস্থা বা অন্য দেশের মুখপাত্রের ওপর নির্ভর করতে হচ্ছে। সাধারণ জনগণের মতে, এই যুদ্ধের মাধ্যমে ইরানকে বিন্দুমাত্র দুর্বল করা সম্ভব হয়নি, বরং তারা আগের মতোই শক্তিশালী অবস্থানে রয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি ইসরায়েলিদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং নেতানিয়াহুর নেতৃত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ