প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে ‘চরম ব্যর্থতা’ হিসেবে দেখছে রাশিয়া
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের দেওয়া ১০টি দাবি মেনে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করায় একে ওয়াশিংটনের ‘চরম ব্যর্থতা’ ও ‘শোচনীয় হার’ হিসেবে অভিহিত করেছে রাশিয়া। তবে একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ক্রেমলিন স্বাগত জানিয়েছে। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।জাখারোভা বলেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয় সুনিশ্চিত’ এমন উস্কানিমূলক বক্তব্য দিলেও বাস্তবে তাদের এই একমুখী হামলার কৌশল ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। রাশিয়ার মতে, উস্কানিবিহীন এই হামলার মাধ্যমে কোনো সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি বরং দীর্ঘমেয়াদে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি পরাজয় হিসেবে গণ্য হবে।রাশিয়া শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করে বাস্তবসম্মত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যে হামলা শুরু করেছিল, তাতে এ পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রাশিয়ার মুখপাত্রের মতে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ কেবল বাড়িয়েই দিয়েছে।মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে ট্রাম্পের দুই সপ্তাহের জন্য বোমাবর্ষণ স্থগিতের ঘোষণা এবং ইরানের প্রস্তাবগুলো মেনে নেওয়ার বিষয়টিকে রাশিয়া বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবেই তুলে ধরছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ