প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি কেবল সাময়িক বিরতি, প্রয়োজনে যুদ্ধের হুঁশিয়ারি জেনারেল ড্যান কেইনের
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে কেবল একটি ‘সাময়িক বিরতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বুধবার (৮ এপ্রিল) মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে দেন যে, যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয় এবং প্রয়োজন হলে যেকোনো মুহূর্তে পুনরায় সামরিক অভিযান শুরু করতে মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।সংবাদ সম্মেলনে জেনারেল কেইন দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ এবং নৌবহর ও অস্ত্র কারখানার ৯০ শতাংশেরও বেশি অংশ বর্তমানে ধ্বংস বা অকেজো অবস্থায় রয়েছে।জেনারেল কেইন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ইরানের পক্ষে তাদের প্রধান নৌ-যুদ্ধজাহাজগুলো পুনরায় তৈরি বা সচল করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধবিরতি চললেও মার্কিন সামরিক কৌশলে কোনো শিথিলতা আনা হয়নি। কমান্ড আসা মাত্রই মার্কিন বাহিনী পুনরায় সরাসরি যুদ্ধ বা কম্ব্যাট অপারেশন শুরু করতে সক্ষম।উল্লেখ্য, এমন এক সময়ে এই কড়া বার্তা এলো যখন ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের সামরিক শক্তি অক্ষুণ্ণ রয়েছে এবং তারা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। জেনারেল কেইনের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ