প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘনে ইরানের কড়া জবাব: আবারও বন্ধ হলো হরমুজ প্রণালি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) বিকাল থেকে এই প্রণালি দিয়ে সব ধরনের তেলবাহী ট্যাংকার চলাচল সম্পূর্ণ স্থগিত করা হয়েছে।ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এবং আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতির প্রধান শর্ত লঙ্ঘন করায় তেহরান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বুধবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছিলেন এবং ইরানের অনুমতিতে দুটি ট্যাংকার নিরাপদে প্রণালি পার হয়েছিল। কিন্তু লেবাননে ইসরাইলি হামলায় ২৫৪ জন নিহত হওয়ার খবর আসার পরপরই ইরান তেল পরিবহন বন্ধ করে দেয়।ইরানের ১০ দফা শান্তিকল্পের অন্যতম শর্ত ছিল লেবাননসহ প্রতিরোধ ফ্রন্টের ওপর হামলা বন্ধ রাখা। তবে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তাদের যুদ্ধবিরতি কেবল ইরানের সাথে সরাসরি সংঘাতের জন্য, লেবাননের জন্য নয়। এই মতভেদের ফলে কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিটি চরম অনিশ্চয়তায় পড়েছে। সিএনএন-এর তথ্যমতে, ইরান এখন ইসরাইলের সামরিক অবস্থানগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ