প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি চুক্তি ভাঙলে ইরানের জন্য তা হবে চরম বোকামি
ঢাকা নিউজ ডেস্ক ||
লেবাননে ইসরাইলি হামলার জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকিতে না ফেলতে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই পরিস্থিতিতে আলোচনা থেকে সরে আসা হবে তেহরানের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত।মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। জেডি ভ্যান্স সাংবাদিকদের জানান, লেবাননে ইসরাইলি হামলা বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র কখনোই কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং লেবানন এই চুক্তির কোনো অংশ ছিল না।ভ্যান্স আরও উল্লেখ করেন যে, এই যুদ্ধে ইরান নিজেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং লেবানন ইস্যুতে আলোচনা ভেঙে দেওয়া তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। তবে লেবাননের সঙ্গে এই চুক্তির কোনো সরাসরি সম্পর্ক না থাকায় ইরান যদি একে কেন্দ্র করে চুক্তি লঙ্ঘন করে, তবে সেটি হবে তাদের বড় ধরনের ভুল।এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি শেয়ার করে দাবি করেছিলেন যে, লেবানন এই যুদ্ধবিরতির আওতাভুক্ত। তিনি আলটিমেটাম দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বজায় রাখতে হবে, নয়তো ইসরাইলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে; দুটি একসঙ্গে সম্ভব নয়।হোয়াইট হাউস এই বৈপরীত্যকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করলেও এর ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। এদিকে লেবাননে ইসরাইলি হামলায় ২৫৪ জন নিহত হওয়ার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে যে, আগ্রাসন বন্ধ না হলে তারা পুনরায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ