প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
অধ্যাদেশ বাতিল বিচার বিভাগকে পদদলিত করার শামিল বলে মন্তব্য মাসদার হোসেনের
ঢাকা নিউজ ডেস্ক ||
বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন ঐতিহাসিক বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী মাসদার হোসেন। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি বলেন, ক্ষমতার জোরে এসব গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করা আসলে বিচার বিভাগকে পদদলিত করার শামিল। বর্তমান সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত জরিপ করলে ৯৯ শতাংশ মানুষ বিপক্ষে মত দেবে বলেও তিনি দাবি করেন।মাসদার হোসেন আইন মন্ত্রণালয় কর্তৃক ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে বিচারকদের প্রশাসনিক প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়, সেখানে আইনমন্ত্রী কোন কর্তৃত্বে তাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন। তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর এই মসনদ প্রতিষ্ঠিত হয়েছে, তাই তাদের ত্যাগের সঙ্গে বেঈমানি করা এবং গুটি কয়েক মানুষের চিন্তায় রাষ্ট্র পরিচালনা করা শুভ হবে না।আলোচনায় তিনি আরও উল্লেখ করেন যে, একসময় গুমের শিকার হওয়া ব্যক্তিরাই এখন সংসদ সদস্য হিসেবে আছেন এবং তাদের কাছ থেকেই গুমের সংজ্ঞা ঠিক করার পরামর্শ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণই একদিন বিপথগামী শক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনবে। হিউম্যানিটি ফাউন্ডেশন ও ‘আইন ও বিচার’ পত্রিকার উদ্যোগে আয়োজিত এই সভায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী এবং জুলাই আন্দোলনের নেতারাও বক্তব্য রাখেন।উল্লেখ্য, ১৯৯৯ সালে মাসদার হোসেনের দায়ের করা মামলার ঐতিহাসিক রায়ের মাধ্যমেই বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার প্রক্রিয়া শুরু হয়। ২০০৭ সালে কার্যকর হওয়া সেই রায়টি দেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। বর্তমানে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে পুনরায় তার উদ্বেগ প্রকাশ করলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ