প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে এয়ার অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর
ঢাকা নিউজ ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। শনিবার বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, বেলা ৩টা ২০ মিনিটে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়।পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।শুরুতে তাকে দুপুর ১২টার নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বিকেলের দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এ খবর পেয়ে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ঢাকা থেকে সৈয়দপুরে যান এবং দুলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার নিশ্চিত করেছেন যে, এয়ার অ্যাম্বুলেন্সে ত্রাণমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনও ঢাকায় এসেছেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসাদুল হাবিব দুলুর চিকিৎসা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ