প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
হরমুজে মার্কিন মাইন অপসারণের দাবি নাকচ করল ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনীর জাহাজ কাজ শুরু করেছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যে দাবি করেছে, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। সেন্টকমের দাবি অনুযায়ী, ইউএসএস ফ্রাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি আরব উপসাগরে মাইন অপসারণের মিশনে অংশ নিয়েছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার একে যুদ্ধের একটি মোড় ঘোরানো মুহূর্ত এবং বাণিজ্যিক পথ সচল করার উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন।তবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের জাহাজ চলাচল বা পারাপার সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, পূর্ব অনুমতি ছাড়া কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে।বিশেষজ্ঞদের মতে, ইরানের অনুমতি ছাড়া হরমুজে মার্কিন নৌবহরের অবাধ চলাচল কার্যত অসম্ভব। ইসলামাবাদে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনা চলার মধ্যেই এই পাল্টাপাল্টি বক্তব্য সামনে এল। মূলত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাময়িক নমনীয়তা দেখালেও মাইন থাকার অজুহাতে মার্কিন হস্তক্ষেপকে তারা তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ