প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
১৭ এপ্রিল শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা নিউজ ডেস্ক ||
আগামী ১৭ এপ্রিল রাতে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী নিজেই এই সভায় সভাপতিত্ব করেন এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী হজযাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়ে অত্যন্ত সচেতন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, হাজিদের প্রতি কোনো ধরনের অন্যায় বা অবিচার সহ্য করা হবে না। আল্লাহর মেহমানদের সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী নিজে হজ ক্যাম্পে গিয়ে প্রস্ততি পরিদর্শন করবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। সরকারের এই তৎপরতা হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।জ্বালানি তেলের বর্তমান মূল্যের কারণে হজ ফ্লাইটে কোনো জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, হাজিদের যাতায়াতে কোনো সমস্যা হবে না এবং সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ইনশাআল্লাহ, কোনো ধরনের জটিলতা ছাড়াই হজ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।চলতি বছরের হজ ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে যাতে করে যাত্রীরা কোনো ভোগান্তিতে না পড়েন। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এবং জাতীয় কমিটির নিবিড় পর্যবেক্ষণে এবারের হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই নির্দেশনা ও তদারকি হজযাত্রীদের মাঝে আশার সঞ্চার করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ