প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
পারমাণবিক চুক্তির মেয়াদ নিয়ে মতবিরোধ: ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্টি হওয়া মতবিরোধই প্রধান অচলাবস্থা হিসেবে সামনে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিলেও তেহরান দীর্ঘ এই মেয়াদে সম্মত না হওয়ায় আলোচনা ভেস্তে গেছে।ইসলামাবাদের সেরেনা হোটেলে প্রায় ২০ ঘণ্টা ধরে চলা এই সংলাপে দুই দেশ বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান করলেও চুক্তির মেয়াদ নিয়ে বড় ধরনের ব্যবধান থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০ বছরের শর্তে অনড় থাকায় ইরানের পাল্টা প্রস্তাবগুলো প্রত্যাখ্যাত হয়, যদিও বিশ্লেষকরা মনে করছেন শেষ পর্যন্ত সাড়ে ১২ বছরের একটি সমঝোতায় পৌঁছানোর ক্ষীণ সম্ভাবনা এখনো রয়েছে।আলোচনায় পারমাণবিক ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিরাপত্তা নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সময় যুক্তরাষ্ট্রের ওপর চরম অবিশ্বাসের কথা তুলে ধরে জানান, অতীতে কূটনৈতিক প্রক্রিয়া চলাকালে হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা ভঙ্গ করা হয়েছে।বৈঠকটি প্রায় ৮০ শতাংশ অগ্রগতির দিকে এগোলেও চুক্তির পরিধি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত নিয়ে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করে বিরতির ব্যবস্থা করেন, তবে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।সংলাপ চলাকালীনই ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে এবং এটি সাম্প্রতিক যুদ্ধবিরতিকেও ঝুঁকির মুখে ফেলেছে। মার্কিন হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এখনো আলোচনায় আগ্রহ বজায় রেখেছে।এক দশকের বেশি সময় পর দুই দেশের এই সরাসরি যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং চূড়ান্ত সমঝোতা না হলেও কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে। অচলাবস্থা সত্ত্বেও যোগাযোগ অব্যাহত থাকায় ভবিষ্যতে একটি নতুন সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ